গোপালগঞ্জে দশ হাজার টাকার জাল নোটসহ ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ শহরের মোসলেম উদ্দিন প্লাজা থেকে ১০ টি ১ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করে। আটককৃত ফাতেমা যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া গ্রামের বজলুর রশীদের মেয়ে।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, ফাতেমা বেগম শহরের মোসলেম উদ্দিন প্লাজার একটি ফাস্ট ফুডের দোকান থেকে দুই ছেলের জন্য খবার কেনেন। পরে দোকান মালিককে একটি এক হাজার টাকার নোট দেন। দোকান মালিক নোটটি জাল বলে ওই নারীকে ফেরত দেন। পরে তিনি আরও একটি এক হাজার টাকার নোট দেন, এটিও জাল বলে প্রমাণিত হয়। পরে ওই মার্কেটের ব্যবসায়ীরা ওই নারীকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ তার কাছ থেকে ১০ টি এক হাজার টাকার জাল নোট জব্দ করে। ধারনা করা হচ্ছে, ওই নারী জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ঈদ বাজারে জাল টাকাগুলো চালানোর চেষ্টা করছিল। এ ব্যাপারে ফাতেমা বেগমের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।