'শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল শুরু ২১ সেপ্টেম্বর'

 
নৌ-মন্ত্রী শাহজাহান খান বলেছেন, 'আগামী ২১ তারিখ থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া কাওড়াকান্দি নৌ-রুটের ফেরী চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। সব কয়টি ফেরিতে যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারবে। আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌছাতে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়ায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যাত্রীদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শিমুলিয়া ঘাটে বসানো হয়েছে সিসি টিভি। তিনি শনিবার দুপুরে শিমুলিয়া ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
 
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ এ রুটে ঈদে ঘরমুখো মানুষের পারাপারে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সেজন্য নৌ চ্যানেলে ড্রেজিং অব্যাহত রয়েছে। সোমবারের মধ্যে ড্রেজিং চ্যানেল পুরোপুরি খুলে দেয়া হবে। তখন আর ফেরি পারাপারে কোন প্রকার সমস্যা হবেনা। তাই ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নেই বাড়ি ফিরতে পারবে।
 
IMG0
মন্ত্রী বলেন, এই নৌরুটে বর্তমানে ফেরি চলাচল করছে দুইটি চ্যানেল দিয়ে ওয়ানওয়ে পদ্ধতিতে। এর মধ্যে পালেরচর-মাঝিকান্দি চ্যানেল দিয়ে যানবাহন নিয়ে ফেরি যাচ্ছে কাওড়াকান্দি ঘাটে। অপরদিকে লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে ফেরি আসছে শিমুলিয়া ঘাটে। বর্তমানে ৩টি রো-রো ফেরি, ৫টি কে-টাইপ ফেরি ও ২টি ডাম্প নিয়ে মোট ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
 
এ সময় মন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।