তালিকাভুক্ত সন্ত্রাসী রিপন গ্রেফতার

 
রাজধানী মিরপুর, পল্লবী ও ভাসানটেক থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আসাদুজ্জামান রিপন ওরফে সম্রাট রিপন ও তার সহযোগী হযরত আলীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিনগত রাতে শাহআলী থানায় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটারগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
 
ডিবির উপকমিশনার সাজ্জাদুর রহমান জানান, গ্রেফতারকৃত সম্রাট রিপন তালিকাভুক্ত সন্ত্রাসী। রিপন সন্ত্রাসী বেলালের শিষ্য ছিলেন। বেলালের মৃত্যুর পর মিরপুর, ভাসানটেক, পল্লবী, গাবতলী, শাহ আলীসহ আশেপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের নিয়ন্ত্রণ নেয়। এক সময় কাফরুল ও ভাসানটেকের কারাবন্দি কিলার আব্বাসের সঙ্গে সন্ত্রাসী কার্যক্রম চালাত। পরে নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তুলে ওইসব এলাকার বিভিন্ন গার্মেন্টস কারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিভিন্ন বাড়ির মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত। সম্রাট রিপন ও হযরত আলীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।