কালিহাতীতে সংঘর্ষের নিরপেক্ষ তদন্ত দাবি আসকের

 
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সেই সাথে বলপ্রয়োগের ক্ষেত্রে আইন-শৃঙ্খলাবাহিনীর আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
 
টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকালে এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন। বিক্ষুব্ধ এলাকাসীর ওপর পুলিশ গুলি চলালে এই হতাহতের ঘটনা ঘটে।
 
শনিবার আসক থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, 'এটি আমাদের কাছে পরিষ্কার নয় যে, ফাঁকা গুলি ছোড়ার কারণে এতোজন মানুষ কিভাবে গুলিবিদ্ধ হতে পারে।' এলাকাবাসীর অভিযোগ পুলিশ বিক্ষোভকারীদের ওপর এলোপাথারি গুলি চালিয়েছে।
বিবৃতিতে আইন-শৃঙ্খলা বাহিনীকেও সুনির্দিষ্ট কিছু মান বজায় রাখার আহ্বান জানিয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার দাবি জানানো হয়।