ঝালকাঠি সদর হাসপাতালে গত ৩ দিন ধরে পাওয়ার হাউজের প্যানেল বোর্ডে আগুন লেগে সুইচ বোর্ডের গিয়ার পুড়ে যাওয়ায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ আছে। এতে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। হাসপাতালের অপারেশন, ইসিজি, এক্সরেসহ সকল বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গরমে এবং টয়লেটে পানি না থাকায় আরো অসুস্থ হয়ে পড়ছে রোগীরা। গত ১৭ সেপ্টেম্বর থেকে এ সমস্যার সৃষ্টি হয়।
এদিকে ঝালকাঠিতে বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী গোলাম মাহাবুব গতকাল শনিবার হাসপাতালের পাওয়ার হাউজ পরিদর্শন করেন। তিনি বলেন, এই সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে বিকল্প ব্যবস্থায় হাসপাতালে বিদ্যুত্ সরবরাহের জন্য পিডিবির নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে।
এ সময় ঝালকাঠি সিভিল সার্জন ডা. আ. রহিম তার সাথে ছিলেন। তিনি বলেন, গত ৩ দিন থেকে পাওয়ার স্টেশনের সুইচ বোর্ডের গিয়ার পুরে যাওয়ায় হাসপাতালের বিদ্যুত্ পানি সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি এক্সরে, ইসিজিসহ সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।