র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারো র্যাব কয়েকস্তরে বিশেষ নিরাপত্তা দেবে।
রবিবার বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে র্যাবের বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
বেনজীর আহমেদ বলেন, ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ পশুর হাট, পশু পরিবহণ, গার্মেন্টস শিল্প, বিপনিবিতান, বাস ও রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং ফেরিঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
তিনি বলেন, দেশবাসী যাতে নির্ভয়ে বিভিন্ন গরুর হাটে কোরবানির পশু কেনা-বেচা করতে পারে সেজন্য র্যাব সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ইউনিফর্মে নিরাপত্তা প্রদানের মাধ্যমে চাঁদাবাজ, ছিনতাইকারী এবং টিকিট কালোবাজারীদের গ্রেফতারের ব্যাপারেও ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানি করা পশুর কাঁচা চামড়া পাচার রোধে বহির্গমন মহাসড়কগুলোতে চেকপোস্ট স্থাপন এবং নদী পথে নৌ টহলের ব্যবস্থা করা হয়েছে।
ঈদের দিন ও পরবর্তী এক সপ্তাহ ঢাকাসহ বিভিন্ন ওয়ার্ডভিত্তিক জোর করে যারা চামড়া কিনবেন তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।