আহমেদকে মাইক্রোসফটের উপহার

 
যুক্তরাষ্ট্রের আলোচিত মুসলিম বালক আহমেদ মোহাম্মদকে একগাদা প্রযুক্তি পণ্য উপহার দিয়ে চমকে দিয়েছে মাইক্রোসফট। শনিবার মাইক্রোসফট তার কাছে এই উপহারের প্যাকেজ পৌঁছে দেয়।
 
এক টুইট বার্তায় এই তথ্য প্রকাশ করেছেন ডালাস কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশনসের নির্বাহী পরিচালক আলিয়া সেলিম।
 
মাইক্রোসফটের দেওয়া উপহারের তালিকায় আছে সারফেস প্রো ৩ ট্যাব, মাইক্রোসফট ব্যান্ড, অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন, থ্রিডি প্রিন্টারসহ আরো অনেক কিছু।
 
নিজের তৈরি ঘড়ি নিয়ে স্কুলে যাওয়ার পর সেটিকে বোমা মনে করে আহমেদকে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। পরবর্তীতে আসল ঘটনা জানতে পেরে পুলিশ তাকে মুক্তি দেয়। তাকে গ্রেফতারের ঘটনা সারা বিশ্বে তোলপাড় তৈরি করে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার কর্মের প্রশংসা করেন এবং তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান। এছাড়া ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ থেকে শুরু করে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি প্রতিষ্ঠান থেকেও তার পাশে দাঁড়ানোর ঘোশষণা দেয়। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলো মাইক্রোসফট।