নড়াইলে সম্পাদক নঈম নিজামের জামিন

দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। 
 
রবিবার নড়াইলের সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকারিয়ার আদালতে একটি মানহানি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তা মঞ্জুর করেন। এর আগে গত ১৫ সেপ্টম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করে একই আদালত। 
 
জামিন পাওয়ার পর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম পুলিশের আচরণ রহস্যজনক উল্লেখ করে সাংবাদিকদের বলেন, ঘটনার প্রেক্ষাপট সারা বাংলাদেশ হলেও নড়াইলের পুলিশ মাত্র ৪ কার্যদিবসে চার্জশীট দাখিল করেছে যা রহস্যজনক। 
 
তিনি বলেন, এ ধরনের হয়রানিমূলক মামলা বাংলাদেশের মিডিয়াকে দমিয়ে রাখতে পারবে না। 
 
গত মঙ্গলবার (১৫ সেম্পেম্বর) দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে একই আদালত।
 
আদালত সূত্রে জানা গেছে,  গত ২০১২ সালের ১৮মে তারিখে বাংলাদেশ প্রতিদিনের ১০ম পৃষ্ঠায় একটি রিপোর্ট প্রকাশ হয় যার শিরোনাম ছিল “ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গণ”এর প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় জেলা ও বিভাগীয় ক্রীড়া ফেডারেশনের মহাসচিব, আশিকুর রহমান মিকু গত ২০১২ সালের ০৩ জুন  দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের নামে নড়াইল সদর আমলী আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন। আদালত পুলিশের উপর তদন্তের নির্দেশ দেয়। পুলিশ তদন্ত শেষে গত বছরের ২ এপ্রিল তারিখে আসামিদের স্বশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে। মামলার আসামিরা নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।