প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘রাজনীতির নামে অগ্নিসন্ত্রাস সৃষ্টিকারীদের রাজনৈতিকভাবে পরাজিত করে নির্বাসনে পাঠানোর আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে জনতার সংগ্রাম অব্যাহত থাকবে।’
রবিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে ‘বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস বর্বরতার ১০০ দিন’-এর নির্যাতনের চিত্র সংবলিত অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, ‘একাত্তরে দেশব্যাপী হত্যাযজ্ঞ চালানো চক্রই পঁচাত্তর এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর বারবার ঝাঁপিয়ে পড়েছে। এরাই ২০০১ সালে নির্বাচনের পর গোপালগঞ্জ, সাতক্ষীরা, ভোলা ও বরিশালের বেশ কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর হামলা করেছিল, ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে এরা পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে পর্যন্ত হত্যা করেছে। এই অশুভ শক্তিকে যত দিন পর্যন্ত না সম্পূর্ণরুপে পরাজিত করে রাজনৈতিক নির্বাসনে পাঠানো না যাবে, তত দিন পর্যন্ত জনতার আন্দোলন চলবে।’
খবর বাসসের।