কাজে দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে বগুড়া জেলা পুলিশের পাঁচজন চৌকস কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জেলা পুলিশের সেপ্টেম্বর/১৫ মাসের মাসিক কল্যাণ সভায় এসব কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
ক্রেস্ট প্রাপ্ত কর্মকর্তারা হলেন, জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) মো. গাজিউর রহমান। তিনি শেরপুর থানার দুইটি ক্লুলেস হত্যা মামলা ও নন্দীগ্রাম থানার একটি ক্লুলেস হত্যা মামলা ডিটেক্ট করেন এবং হত্যার সঙ্গে জড়িত আটজন আসামিকে গ্রেফতার করেন। আসামিরা কোর্টে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এছাড়া শ্রেষ্ঠ থানা হিসেবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার, শ্রেষ্ঠ ওসি হিসেবে কাহালু থানার ওসি সমিত কুমার কুন্ডু, শ্রেষ্ঠ এসআই ক্যাটাগরিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শামীম আকতার ও শ্রেষ্ঠ এএসআই হিসেবে সারিয়াকান্দি থানার এএসআই মো. জাহাংগীর হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া মাসিক কল্যাণ সভায় কনস্টেবল মো. বরকত আলীকে অবসরোত্তর ছুটিতে যাওয়ায় ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মো. সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) মো. আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মনিরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ইনসার্ভিস) মো. আব্দুল জলিল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) সাব্বির আহমেদ সরফরাজ, আর আই পুলিশ লাইন্স মো. আশরাফ উদ্দিন, বগুড়া জেলার সকল থানার ওসি ও বগুড়া জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।