কিছুদিন আগেই আইফোন ৬এস কিনতে কিডনি বিক্রি করার চেষ্টা করেছিলেন চীনের দুই ব্যক্তি। আইফোনের প্রতি চীনাদের এমন দুর্নিবার আকর্ষণকে কাজে লাগাতে চলেছে দেশটির স্পার্ম ব্যাংকগুলো।
‘কিডনি নয়, স্পার্ম ব্যাংক আপনার আইফোন ৬এস কেনার স্বপ্ন পূরণ করবে’ স্পার্ম ব্যাংকের এমন বিজ্ঞাপন দেখা মিলছে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট ও উইবো’তে। মানুষকে স্পার্ম দান করতে আগ্রহী করতে সাংহাই, হুবেই, জিয়াংসু প্রদেশের কয়েকটি স্পার্ম ব্যাংক এই অভিনব পন্থা অবলম্বন করছে।
তবে শুধু স্পার্ম দিলেই আইফোন ৬এস পাওয়া যাবে না, এর জন্য আরও কিছু শর্ত মানতে হবে বলে জানিয়েছে স্পার্ম ব্যাংকগুলো।
স্পার্ম দান করে আইফোন ৬এস পেতে হলে আগ্রহী ব্যক্তিকে অবশ্যই চীনের নাগরিক ও একটি কলেজ ডিগ্রি থাকতে হবে। বয়স ২০ থেকে ৪০ বছর এবং উচ্চতা পাঁচ ফুট ৫ ইঞ্চি হতে হবে। জেনেটিক কোনো অসুখ থাকতে পারবে না এবং ছয় মাসের মধ্যে অন্তত ১৭ মিলিলিটার স্পার্ম দিতে হবে। আর চূড়ান্তভাবে ফার্ল্টিলিটি পরীক্ষায় সবুজ সংকেত পাওয়া গেলেই দেখা মিলবে আইফোন ৬এস এর। সূত্র: এনডিটিভি