ধুনটে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

বগুড়ার ধুনট থানা পুলিশের উপর হামলা চালিয়ে আটক আসামিদের ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানার এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে এবং ছিনতাইকারী ৬ আসামি গ্রেপ্তার হয়েছে। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। শনিবার রাত ৯টায় এলাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে এলাঙ্গী বাজারে একদল লোক মদ্যপান করে প্রকাশ্যে অশালীন আচরণ করার সংবাদ পেয়ে ধুনট থানার এসআই মিলন কুমার চ্যাটার্জি ৩ জন এসআই, ১ জন এএসআই ও ৩ জন কনস্টেবলকে সংগে নিয়ে এলাঙ্গী বাজার থেকে মদ্যপ অবস্থায় রন্জু ডাক্তার, হানিফ, লাভলু ও মিঠু নামে ৪ জনকে আটক করে। এ সময় এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ তারিক হেলালের নেতৃত্বে মান্নান, শাহ আলী, জিয়ারুলসহ একদল লোক পুলিশের উপর হামলা চালিয়ে মারপিট করে ধৃত আসামিদের ছিনিয়ে নেয়। হামলাকারীদের মারপিটে এসআই ফারুক, এএসআই ফজলুল হক ও কনস্টেবল আনোয়ার হোসেন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে শাহিন আলম, আব্দুল মান্নান, শাহা আলী, জিয়ারুল, লিপ্টন ও সুমন সরকারকে গ্রেপ্তার করে। এসআই মিলন কুমার চ্যাটার্জি বাদী হয়ে চেয়ারম্যান এমএ তারিক হেলালসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।