মেহেরপুরে ট্রাকের চাপায় নিহত ২

মেহেরপুর শহরের বিসিক শিল্প নগরীর সামনে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাকের চাপায় মেহেরাজ হোসেন (১৮) ও সুজন মিয়া (১৭) নামের দুই তরুণ নিহত হয়েছেন। দুই জনেই মেহেরপুর শহরের দোকান কর্মচারীর কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেরাজ সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আব্দুল বারেকের ছেলে এবং সুজন মিয়া একই গ্রামের রানা মিয়ার ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মদনাডাঙ্গা গ্রামের ৫ জন শহরের বিভিন্ন দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। কাজ শেষে  রবিবার রাত এগারটার দিকে বাইসাইকেল যোগে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহরাজ মারা যান। মুমূর্ষ অবস্থায় সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।  
 
বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব। চালক ও ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।