যশোরে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিজবুত তাহরীরের আঞ্চলিক কমান্ডার তানজীব আহমেদ ওরফে আশরাফুলকে (২২) আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে শহরের পুরাতন কসবা এলাকার বাড়ি থেকে আটকের সময় তার কাছ থেকে হিজবুত তাহরীরের লিফলেট, ম্যাগজিন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। ল্যাপটপে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আইএস ও হিজবুত তাহরীরের অনলাইন সম্মেলনের ভিডিও ফুটেজ রয়েছে। আটক তানজীব শহরের পুরাতন কসবা শহীদ মশিউর রহমান সড়কের আব্দুল আজিজের ছেলে ও সরকারি সিটি কলেজের অনার্সের ছাত্র।
সোমবার বেলা সাড়ে ১১টায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান প্রেস ব্রিফিং করে জঙ্গী আটকের বিষয়টি জানান।
পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিজবুত তাহরীরের অনলাইন সম্মেলনের পর সারাদেশেই এর ওপর বিশেষ নজরদারি শুরু হয়। এরপর পুলিশ হেডকোয়ার্টারের কারিগরি সহযোগিতায় জঙ্গী সদস্য তানজীব আহমেদ ওরফে আশরাফুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় একটি ল্যাপটপসহ বিপুল পরিমাণ লিফলেট ও ম্যাগজিন জব্দ করা হয়।
তিনি আরও জানান, তানজীবের বাবা আব্দুল আজিজ মিশরে থাকেন। তার পাঠানো এই ল্যাপটপে হিজবুত তাহরীরের অনলাইন সম্মেলনের ভিডিও ফুটেজ ছাড়াও আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আইএস’র বিভিন্ন ভিডিও বার্তা রয়েছে। এই পুরো পরিবারটিই জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত। তানজীবের বোন ও ভগ্নিপতিও এই সংগঠনের সদস্য। এছাড়া যশোরের ধর্মতলা মোড়ের ছুটিপুর সড়কের আব্দুস সালামের ছেলে রায়হানও (২২) হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত। এদের আটকের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক ও শহীদ মো. সরোয়ার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ, সহকারী পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও ভাস্কর সাহা।