টেস্ট ও সীমিত ওভারের জন্য আলাদা কোচ!

বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিকে যেমন যথাক্রমে টেস্ট ও সীমিত ওভারের জন্য আলাদা আলাদা অধিনায়ক নিযুক্ত করা হয়েছে, তেমনি আগামী দিনে ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগের বিষয়টি বিসিসিআই উড়িয়ে দিচ্ছেনা বলে রোববার জানিয়েছেন বোর্ডের সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর।


অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ দলে টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আলাদা আলাদা অধিনায়ক রয়েছে। টেস্ট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসরের ঘোষণা দেয়ার পর ভারতও ভিন্ন ফরম্যাটের ক্রিকেটের জন্য আলাদা অধিনায়ক নির্বাচনের সংস্কৃতি চালু করেছে। ঠাকুরের মতে অধিনায়কের মত কোচ নিয়োগের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বনের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না।


দক্ষিণ আফ্রিকার আসন্ন সফরকে সামনে রেখে টি-টোয়েন্টি ও ওডিআই স্কোয়াড ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন আমরা অধিনায়কের মত আলাদা আলাদা কোচ নিয়োগ করার বিষয়টি নিয়েও ভাবছি। বাসস