কালিহাতীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে রিট

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহতের ঘটনায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।
 
রিটের ওপর আংশিক শুনানি শেষে বিচারপতি মাঈনুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন বেঞ্চ আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে দেয়।
 
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী সোমবার হাইকোর্টে এই রিট করেন। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।
 
আবেদনের পক্ষে অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ শুনানি করেন।
 
উল্লেখ্য, কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে গত শুক্রবার বিকালে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালায়। এ সময় চার গ্রামবাসী নিহত হন।