কুষ্টিয়ায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিভিন্ন সময়ে জব্দকৃত ৩ কোটি ৪ লক্ষ ৪৭ হাজার ৫০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে এসব ধ্বংস করা হয়। ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস করণ এবং চোরাচালান ও ব্যবহার রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিজিবির যশোর রিজিওনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ শহীদুল ইসলাম, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান, কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্ণেল হ্লা হেন মং, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান প্রমুখ। 
 
এ সময়ে অতিথিবৃন্দ ১৪ হাজার ১শ’ ৩২ বোতল বিদেশি মদ, ৮ হাজার ৬শ’ ৩৩ বোতল ফেনসিডিল, ৫৬ কেজি ৩শ’ গ্রাম গাঁজা, ২০ লিটার দেশি মদ ও ৫৫ হাজার ৯শ’ ২৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট ধ্বংস করেন।