সরকারি ট্রাস্ট পরিচালনায় আসছে ‘আমব্রেলা’ আইন

 
সরকারি খাতের ট্রাস্ট পরিচালনায় একটি সমন্বিত আইন করছে সরকার। এটি পাস হলে প্রতিটি ট্রাস্ট গঠনের জন্য আলাদা আইন করার প্রয়োজন হবে না। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এই কথা জানান।
 
মোশাররফ হোসেন বলেন, দেশে যে ট্রাস্ট আইন আছে তা বেসরকারি ট্রাস্ট পরিচালনার জন্য। সরকারি খাতে ট্রাস্ট গঠনের জন্য কোনো আমব্রেলা আইন না থাকায় প্রত্যেক ট্রাস্টের আলাদা আইন করতে হয়। এজন্য আমব্রেলা ল করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এতে ভবিষ্যতে ট্রাস্ট গঠনের জন্য আলাদা আইন করার প্রয়োজন হবে না।
 
তিনি জানান, প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগকে মৌখিকভাবে নতুন আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এ সংক্রান্ত আইনের খসড়া তৈরি করেছে। আজ মন্ত্রিসভার সিদ্ধান্ত হিসাবে বিষয়টি চূড়ান্ত হল।
 
এছাড়া বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বঙ্গবন্ধু ফেলোশিপ দেয়। বিজ্ঞানী বা তথ্য-প্রযুক্তি নিয়ে যারা কাজ করেন, তাদের ফেলোশিপ দিতেই এ আইন করা হচ্ছে। এছাড়া বিজ্ঞান গবেষণা উন্নয়নে মাস্টার্স, পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষকরাও এই আইনের মাধ্যমে সহায়তা পাবেন বলে মোশাররাফ জানান।