টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনার পর পুলিশ কর্মকর্তাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। কোন ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চালানো হয়েছে তা প্রকাশ করার দাবি জানিয়ে তিনি বলেছেন, ‘এভাবে মানুষ মেরে আমাদের গণতান্ত্রিক সরকারের দুর্নাম করবেন, তা তো হতে পারে না।’
সোমবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ক্ষমতাসিন দলের এই নেতা বলেন, ‘সন্তানের সামনে মায়ের শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ হওয়া তো স্বাভাবিক। কিন্তু আপনি গিয়ে নির্বিচারে গুলি চালালেন। এখন পর্যন্ত চারজন মারা গেছে।’
শুক্রবার বিকালে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিতে তিনজন নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রবিবার মারা যান আরো একজন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘সাত-আটশোজনকে আসামি করে মামলা হল, এটা কী জন্য? আর কয়েকজন পুলিশকে ক্লোজ করে দিলেন- এতেই শেষ হয়ে গেল! আসামি তো হবে পুলিশ।’