খুলনায় চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

 
খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা মল্লিককে আটক করেছে পুলিশ। দরিদ্র জনগোষ্ঠীর জন্য দেয়া ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান তাকে আটক করেন।
 
এ বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, প্রকল্পের আওতায় প্রতি মাসে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করছে। কিন্তু চেয়ারম্যান বাদশা মল্লিক দীর্ঘদিন ধরে এ চাল কমিয়ে ২৩/২৪ কেজি করে দিচ্ছেন বলে অভিযোগ ছিল। সোমবার আজগড়া ইউনিয়ন পরিষদে গিয়ে বিতরণ করা চালে ৩ থেকে ৭ কেজি কম পাওয়া যায়। চাল আত্মসাতের অভিযোগে তাত্ক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়।
 
এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। উল্লেখ্য, এর আগেও একই অভিযোগে চেয়ারম্যান বাদশা মল্লিককে জরিমানা করা হয়।