নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় আ. ছাত্তার (৫০) নামে এক পুলিশ কন্সটেবল নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলা সদরের হাজিরগুল গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুকুরমারা নামকস্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী রুপসী বাংলার যাত্রীবাহী বাসটি তল্লাশীর জন্য হাত নাড়িয়ে ইশারা দিলে চালক বাস না থামিয়ে পুলিশ কন্সটেবল আ. ছাত্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সহযোগীরা বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
রায়পুরা থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।