শিশু রাকিব হত্যা মামলায় অভিযোগ গঠন ৫ অক্টোবর

 
খুলনায় শিশু রাকিব (১২) হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে আদালত। মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা অভিযোগ গঠনের জন্য আগামী ৫ অক্টোবর দিন ধার্য করেন। একই সাথে আসামিদের জামিনও নামঞ্জুর করেন।
 
বাদী পক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, আজ রাকিব হত্যা মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এসময় আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আগামী ৫ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেন। আদালতে আসামি পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত।
 
এদিকে, আদালত চত্ত্বর থেকে দুর্বৃত্তরা রাকিবের ছোট বোনকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ উঠলেও বিষয়টি ভুল বোঝাবুঝি বলে জানিয়েছে পুলিশ। একারণে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আসামি পক্ষের দুইজনকে খুলনা থানায় নেয়া হলেও তাদের ছেড়ে দেয়া হয়।
 
পুলিশ বলছে, তারা আসামিদের স্বজন, মামলার বিষয়ে জানতে আদালতে এসেছিল। কিন্তু বাদীপক্ষ ভুল ভেবে তাদের ধাওয়া করে।
 
উল্লেখ্য, গত ৩ আগস্ট বিকালে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের শরীফ মোটর্সের ভেতরে মোটরসাইকের গ্যারেজ মালিক শরীফ ও তার কথিত চাচা মিন্টু মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ রাকিবের পায়ুপথে ঢুকিয়ে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী কথিত চাচা মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আসামিরা সবাই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
 
গত ২৫ আগস্ট  এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মোস্তাক আহমেদ এজাহারভুক্ত তিন  আসামি মোটরসাইকেল গ্যারেজ মালিক ওমর শরীফ, তার কথিত চাচা মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ৬ সেপ্টেম্বর মহানগর আদালত বিচার কার্য শুরুর জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করেন।