পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। আগামী বছরের ফেব্রুয়ারিতে ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টি২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার পিএসএল এর প্রধান নাজাম শেঠীর সাথে আলোচনার পরে গণমাধ্যমে শোয়েব তার আগ্রহের কথা প্রকাশ করেছেন।
এ সম্পর্কে শোয়েব আখতার বলেন, ‘পিএসএল নিয়ে এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বেশ উত্তেজিত, আমিও এর ব্যতিক্রম নই। এটা জাতির জন্য একটি বড় উপহার। এটা শুধুমাত্র পিসিবির নয়, পুরো পাকিস্তানি ক্রিকেটের একটি প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে। লিগে একটি দল কেনার ব্যপারে আমি আগ্রহী। আশা করছি এ ব্যপারে পিসিবির সহযোগিতা পাবো। এর মাধ্যমে পাকিস্তান ক্রিকেটকে আরো এগিয়ে নিতে চাই এবং আরো কয়েকজন শোয়েব আখতার উপহার দিতে চাই যারা ১০০ মাইল গতিবেগে বল করতে পারবে।’
এর আগে বেশ কয়েকবার জাতীয় দল নির্বাচন নিয়ে দারুণ সমালোচনা করেছেন আখতার। ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়েও প্রায়ই তার মুখে কঠোর সমালোচনা শোনা গেছে। শেঠীর সাথে তার সাক্ষাতের বিষয়টিকে অনেকে ভিন্ন ভাবে দেখলে শোয়েব নিজে বলেছেন, পিসিবিতে চাকুরি না করেও অনেকভাবেই পাকিস্তান ক্রিকেটের জন্য কাজ করা যায়। সবাই জানে আমি কি ধরনের ব্যক্তি। কিছু বিষয়ে হয়ত আমি জটিল মনোভাবের হতে পারি, কিন্তু আমার লক্ষ্য সবসময়ই ইতিবাচক ছিল। একটি দল কেনার মাধ্যমে আমি প্রতিভাবান ছেলেদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরী করতে চাই।
খবর বাসসের।