ফের পাঁচ দিনের রিমান্ডে ফারাবী

ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলার আসামি শাফিউর রহমান ফারাবীকে জিজ্ঞাসাবাদ করার জন্য ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান আদালতে ফারাবীর ১০দিনের রিমান্ডের আবেদন করেন।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা ফারাবীর জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম শামসুল আরিফিন জামিনের আবেদন না-মঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে ফারাবীকে তিন দফায় ১৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২ মার্চ ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করা হয়।

অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে বইমেলা থেকে ফেরার পথে গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে টিএসসির সামনে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ রায় মারা যান।