আগের তুলনায় ভালো আছেন বাংলাদেশের নারীরা: এডিবি

 
বাংলাদেশের নারীরা গত কয়েকবছর আগের তুলনায় বর্তমানে তুলনামূলকভাবে ভালো আছেন- এ কথা জানিয়ে এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদনে বলা হয়, গত তিনদশকে সংগঠিত অবকাঠামোগত উন্নয়নের জন্যই এ পরিবর্তন হয়েছে।
 
মঙ্গলবার প্রকাশিত ‘এশিয়ান ডেভেলডমেন্ট আউটলুক ২০১৫: এনাবলিং উইমেন, এনার্জিজিঙ্গ এশিয়া’ শীর্ষক প্রতিবেদনে এডিবি জানায়, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন হয়েছে। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেমন পরিস্থিতির উন্নতি হয়েছে তেমনি অবকাঠামো নারীদের শিক্ষার হার, লিঙ্গ- বৈষম্য হ্রাস প্রভৃতি নারীদের অবস্থার উন্নতিতে সহায়ক ভূমিকা রেখেছে।
 
প্রতিবেদনে বলা হয়, তৈরি পোষাক খাতে নারীর কর্মসংস্থান বিশেষ লক্ষ্যণীয়। গ্রামাঞ্চলে নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার ২০০১ সালে ছিল ২৩ শতাংশ এবং এবং ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৬ শতাংশ। অন্যদিকে, শহরাঞ্চলে ওই একই সময়ে এই হার ২৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৩৪ শতাংশ। তবে এই হার এখনও পুরুষের তুলনায় বেশ কম।
 
প্রতিবেদনে বলা হয়, নারীর কর্মসংস্থানের সাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার অংশগ্রহণও জড়িত। কেননা, শিক্ষিত ও কর্মজীবী নারীর দরকষাকষির ক্ষমতা তুলনামূলকভাবে বেশি।
খবর বাসসের।