‘শাহাদাতকে খুজে বের করার ব্যাপারে পুলিশ সিরিয়াস’

গৃহকর্মীকে নির্যাতনের অপরাধে অভিযুক্ত জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীকে দুই সপ্তাহ ধরেও খুঁজে পাচ্ছে না। পুলিশ জানিয়েছে শাহাদাতকে আইনের মুখোমুখি করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।


শাহাদাত হোসেনের ১১ বছরের গৃহকর্মীকে গত ৬ সেপ্টেম্বর আহত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে শাহাদাত ও তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। মামলার দায়িত্ত্বে থাকা তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, আমরা শাহাদাতকে গ্রেফতার করার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। শাহাদাতের বাবার বাড়ি ও শ্বশুর বাড়িতে আমরা অভিযান চালিয়েছি। তিনি জাতীয় দলের ক্রিকেটার তাতে কিছু যায় আসে না। তিনি আইনের চোখে অভিযুক্ত। আমরা তাদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করবো। ১৭ দিন ধরে শাহাদাত হোসেনকে খুঁজে না পাওয়ায় পুলিশ অনেক সমালোচনা শুনেছে। শাহাদাত হোসেনের উপর আসা এই অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।