কর্নাটকের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের লিড


ভারতের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভালো করেছে বাংলাদেশের ব্যাটসম্যানেরা। এনামুল হকের দৃঢ়তায় দ্বিতীয় দিন শেষে ৫৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ 'এ' দল। মহিশুরের শ্রীকান্তদত্ত নরসিমহা রাজা ওয়াদেয়ার মাঠে ৩ উইকেটে ১৮৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে মুমিনুল হকের দল। হাতে আছে ৭ উইকেট।

১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অতিথিরা ৩০ রানে প্রথম উইকেট হারায়। মাত্র ১৫ রান করে ফিরে যান রনি তালুকদার, তবে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান এনামুলের ব্যাটে সে ধাক্কা কাটায় তারা।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক মুমিনুলের সঙ্গে ৬৯ এবং তৃতীয় উইকেটে লিটন দাসের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন এনামুল। উদিত প্যাটেলের বলে ক্যাচ আউট হওয়ার আগে ৮৭ বলে ৮৯ রান করেন এই ডান হাতি ব্যাটসম্যান, ৮টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। লিটন ৩৭ ও সৌম্য সরকার ২৪ রানে ব্যাট করছেন।

এর আগে ৬ উইকেটে ১৬৩ রান নিয়ে বুধবার সকালে খেলতে নামে কর্নাটক। তাদের দুই অপরাজিত ব্যাটসম্যান শিশির ভাবাবে ও জগদিশ সুচিত আগের দিনের স্কোরের সঙ্গে আরও ৬৪ রান যোগ করে। বিপজ্জনক হয়ে ওঠা জুটিটি ভাঙেন প্রথম দিন ৩ উইকেট নেওয়া শুভাগত হোম। ৪১ রান করা সুচিতকে নিজের বলেই ক্যাচ ধরে আউট করেন শুভাগত। পরের ওভারেই স্বাগতিক দলটির পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করা ভাবানেকে ফেরান লেগস্পিনার জুবায়ের হোসেন। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৭৫ বলের ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

কর্নাটকের লিড আরো ছোট হতে পারত, কিন্তু বাকি দুটি উইকেট বাংলাদেশের বোলাররা দ্রুত তুলে নিতে না পারায় সেটা হয়নি। নয় নম্বরে নামা উদিত প্যাটেল ৪০ রান করেন। তাকে ফেরান আগের দিন তিন উইকেট নেওয়া সাকলাইন সজীব।

শুভাগত ৪ উইকেট নিতে ৪৫ এবং সাকলাইন ৪ উইকেট নিতে ৮৫ রান খরচ করেন। জুবায়ের ও আল আমিন হোসেন একটি করে উইকেট নেন। বিডিনিউজ।