গণপরিবহনে ৪০০% অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ


ঈদের অজুহাতে রাজধানীর গণপরিবহনগুলো ৪'শ থেকে ৫'শ শতাংশ অতিরিক্ত ভাড়া আদায় করছে অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের জিম্মি করে এই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে জানা গেছে। লোকাল বাসগুলো রাতারাতি 'সিটিং' বাসে পরিণত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী।

এমনকি ঈদে ঘরমুখো লোকজনও পড়েছে চরম ভোগান্তিতে। গণপরিবহন না পাওয়ায় আনেকে সময়মতো বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও রেল স্টেশনে পৌঁছতে পারছেন না।

রাজধানীর নীলক্ষেত এলাকার বাসিন্দা রফিক ইত্তেফাক অফিসে টেলিফোন করে জানান, তিনি বনানী থেকে নীলক্ষেত আসার জন্য কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করেও বাস পাননি। আজিমপুর-গাজীপুর রুটের ২৭ নম্বার বাসগুলো 'সিটিং' হিসেবে 'গেইট লক' সার্ভিস দিচ্ছে। তারা পথে কোথাও যাত্রী নিচ্ছে না। এমনকি গুলিস্তান-এয়ারপোর্ট রুটের ৩ নম্বার বাসগুলোও রাতারাতি 'সিটিং' বাসে পরিণত হয়েছে।

তিনি আরো জানান, ২৭ নম্বার বাস না পেয়ে শাহবাগে নামার উদ্দেশে জোর করে একটি ৩ নম্বার বাস উঠেন তিনি। কিন্তু সেখানে তাকে ৩০ টাকা ভাড়া চার্জ করা হয়।

ঐ বাসে টঙ্গী থেকে গুলিস্তানের ভাড়া ১০০ টাকা করে নেয়া হচ্ছে বলে বাসের অন্য যাত্রীরা বরাত দিয়ে জানান তিনি।

অন্যদিকে গাবতলী থেকে আমাদের সাব-এডিটর আনিস মণ্ডল জানান, গাবতলী থেকে আরিচা-পাটুরিয়াগামী বাসগুলো ৭৫ টাকার ভাড়া ৩০০ টাকা করে নিচ্ছে। গাবতলী পরিবহন, ধামরাই পরিবহন, ৩৬ নম্বার, এমনকি বিআরটিসি বাসও এই অতিরিক্ত ভাড়া আদায় করছে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক কন্ট্রোল রুমের অপারেটর জাহিদ বলেন, আমরাও এমন অভিযোগ পেয়েছি।

সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।