আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বিদেশ যাওয়া প্রসঙ্গে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘সৈয়দ আশরাফ স্বপরিবারে ঈদ করতে লন্ডনে গেছেন। বিএনপির সাথে তিনি বৈঠক করতে লন্ডনে গেছেন এ বিষয়টি যারা বলে, তাদের চিন্তা-চেতনা নিয়ে আমার সন্দেহ হয়।’
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে, দেশে আসা বা না আসার জন্য নয়।’
হানিফ আরো বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সে সব মামলার সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় গ্রেফতারকৃত জঙ্গিদের দেয়া ১৬৪ ধারা জবানবন্দিতে তার নাম বেরিয়ে এসেছে।’
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার খোদেজা খাতুন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবি, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজাসহ দলীয় নেতা- কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।