আলোচনায় বসছেন পুতিন-ওবামা!



ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বৈঠকে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।  নিউ ইয়র্কে আগামী সপ্তাহে মুখোমুখি হচ্ছেন এই দুই শক্তিশালী দেশের প্রধান। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তুর অগ্রাধিকার নিয়ে ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

হোয়াইট হাউস বৈঠকে পূর্ব ইউক্রেইন নিয়ে আলোচনার ওপর জোর দিচ্ছে। যেখানে রাশিয়া-সমর্থিত বাহিনী কিয়েভ সরকারের সঙ্গে লড়ছে। পূর্ব ইউক্রেইনে রাশিয়ার এ হস্তক্ষেপের কারণে দেশটির ওপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।

হোয়াইট হাউস ইউক্রেইন নিয়ে আলোচনা চাইলেও রাশিয়া মূল আলোচ্য বিষয় হিসাবে সিরিয়া ইস্যুকেই প্রাধান্য দিচ্ছে। সম্প্রতি রাশিয়া সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছে। ফলে এ বিষয়টি নিয়েই প্রথমত আলাপ করতে চায় রাশিয়া। পরে সময় থাকলে ইউক্রেইন নিয়ে আলাপে আগ্রহী তারা।

পুতিন আগামী সোমবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতা দেবেন।  পুতিনের মুখপাত্র পেসকভ বলেন, তার (পুতিনের) বক্তব্যের পরই বৈঠক হবে। তবে কখন তা হবে সে ব্যাপারে কিছু জানান নি ওবামার মুখপাত্র জোশ আর্নেস্ট।

বৈঠকটি কে আয়োজন করেছে তা নিয়েও দুই তরফে ভিন্ন কথা বলা হচ্ছে। ক্রেমলিন বলছে, পারষ্পরিক সমঝোতার মধ্য দিয়েই এ বৈঠক আহ্বান করা হয়েছে। কিন্তু আর্নেস্ট বলছেন, বৈঠক ডাকা হয়েছে পুতিনের অনুরোধে। অর্থনৈতিক অবরোধের কুপ্রভাবের কারণে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে মরিয়া বলে উল্লেখ করেন তিনি। বিডি নিউজ।