যুক্তরাষ্ট্রকে শরণার্থীদের প্রতি বৈরিতা পরিহারের আহ্বান পোপের


যুক্তরাষ্ট্রের নাগরিকদের শরণার্থীদের প্রতি বৈরি আচরণ পরিহারের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি। পোপ বলেন, তাদের সমস্যাগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে এবং তাদের প্রতি ভ্রাতৃসুলভ আচরণ করতে হবে।

তিনি বলেন, আমেরিকার শক্তি ও সম্পদ মানবতার সেবায় ব্যয় করা উচিত। আমাদের অবশ্যই তাদের সংখ্যা দেখে চমকে উঠে পিছিয়ে যাওয়া উচিৎ নয়। বরং তাদের আমাদেরই একজন হিসাবে বিবেচনা করা উচিত। তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের কষ্টের কথা শুনে এবং সবচেয়ে ভালভাবে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা উচিৎ।

গত কয়েক বছর ধরে অবৈধ অভিবাসীদের বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে সংগ্রাম করছে যুক্তরাষ্ট্র।

গত বছর কংগ্রেসে অভিবাসন আইন সংস্কারের বিষয়ে একটি প্রস্তাব রিপাবলিকানদের কারণে বাতিল হয়ে যায়। ওই প্রস্তাব পাশ হলে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের একটি সুযোগ পেত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এটাই পোপ ফ্রান্সিসের প্রথম সফর। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তৃতা দেয়ার কথা রয়েছে। রবিবার ফিলাডেলফিয়ায় একটি উন্মুক্ত নৈশভোজ উৎসবেও অংশ নেয়ার কথা রয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ এই ধর্মগুরুর।