ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের এক জেনারেল নিহত হয়েছেন। সেখানে তিনি ‘দেশ রক্ষার দায়িত্বে’ নিয়োজিত ছিলেন। রবিবার সৌদি সেনাবাহিনী একথা জানিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, জাহানের ৮ম ব্রিগেডের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইবরাহিম হামজিকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তবে কবে তিনি আহত হয়েছেন বা ঠিক কোন ঘটনায় তিনি আহত হন সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
চলতি সপ্তাহান্তে সৌদি আরবের ইয়েমেন সীমান্তে হামজিকে নিয়ে দ্বিতীয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহতের কথা জানানো হল।
শুক্রবার রাতে ইয়েমেন সীমান্তে এক স্থলমাইন বিস্ফোরণের পর এক বন্দুকযুদ্ধে সৌদি আরবের এক কর্নেল ও আরো এক সীমান্ত রক্ষী নিহত হয়।
-বাসস