নিরাপত্তা পরিষদ সংস্কারের উপযুক্ত সময় এখন : অ্যাঞ্জেলা মার্কেল


জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার করার এটিই ‍উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তিনি জানান, "সমস্যা সমাধানের জন্য নতুনভাবে নীতিনির্ধারণ করা দরকার। এজন্য নিরাপত্তা পরিষদের সংস্কার করা জরুরি হয়ে পড়েছে, সংস্কারের মাধ্যমে বিশ্বের প্রকৃত শক্তিধর দেশগুলোর প্রতিফলন ঘটলে পরিস্থিতি এখনকার চেয়ে উন্নত হবে।"

জার্মানির পাশাপাশি নিরাপত্তা পরিষদের সংস্কার দাবিকারী ব্রাজিল, ভারত ও জাপানের প্রতিনিধিদের সঙ্গে  নিউইয়র্কে শনিবার এক বৈঠক শুরুর ভাষণে মার্কেল এসব কথা বলেন।

জার্মান প্রতিনিধিদের সরবরাহ করা বক্তব্যের সংক্ষিপ্তসারে এসব কথা প্রকাশ পেয়েছে। ওই সংক্ষিপ্তসার অনুযায়ী জার্মান চ্যান্সেলর আরো বলেন, "খুব বিবেচনার সঙ্গে আমাদের এগোতে হবে। সংস্কারের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের মিত্রদের খুঁজে নিতে হবে।"

বৈশ্বিক উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন উপলক্ষে জার্মান চ্যান্সেলর এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন।

জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলোর মধ্যে নিরাপত্তা পরিষদ সবচেয়ে ক্ষমতাধর। ১৫ সদস্য রাষ্ট্রের এই পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে। এই পরিষদ জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে নিষেধাজ্ঞা এবং সামরিক পদক্ষেপ নিতে পারে।

ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী এই মিত্রদেশগুলো নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধারী স্থায়ী সদস্য রাষ্ট্র। স্থায়ী সদস্যদের বাইরে অস্থায়ী ১০ সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের ভোটে দুই বছরের জন্য নির্বাচিত হয়।

জার্মানি, জাপান, ভারত ও ব্রাজিলের বক্তব্য, ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্ব থেকে বর্তমান বিশ্ব পরিস্থিতি অনেক আলাদা, তাই নিরাপত্তা পরিষদেও এর প্রতিফলন হওয়া উচিত।

জার্মানি ও জাপান বিশ্বের দুটি অর্থনৈতিক শক্তি এবং দেশদুটি জাতিসংঘের শীর্ষ চাঁদা দাতা দেশ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার অধিকার তাদের আছে বলে দাবি তুলেছে দেশ দুটি।

জার্মানি ও জাপান বিশ্বের দুটি অর্থনৈতিক শক্তি এবং দেশদুটি জাতিসংঘের শীর্ষ চাঁদা দাতা দেশ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার অধিকার তাদের আছে বলে দাবি তুলেছে দেশ দুটি।

বৈঠকে উপস্থিত অন্যান্য নেতাদের উদ্দেশ্যে অ্যাঞ্জেলা মার্কেল বলেন, "নিরাপত্তা পরিষদের বর্তমান কর্মপদ্ধতি ও কাঠামোর সঙ্গে আমরা চারটি দেশই শুধু দ্বিমত করছি এমন না, অন্যান্য আরো অনেক দেশই দ্বিমত করছে। একবিংশ শতাব্দির সঙ্গে মানানসই নিরাপত্তা পরিষদের আধুনিক একটি কর্মকাঠামোতে পৌঁছতে অন্যান্যদের সঙ্গে নিতে চাই আমরা।"

নিরাপত্তা পরিষদে সংস্কারের এই দাবি দীর্ঘদিনের। কিন্তু এ ধরনের কোনো পরিবর্তনের চেষ্টা নিজ ক্ষমতাবলে বন্ধ করে দিতে পারে পরিষদের স্থায়ী যে কোনো সদস্য রাষ্ট্র। তবে ব্রিটেন ও ফ্রান্স জানিয়েছে, তার পরিষদের সংস্কারের পক্ষে। যুক্তরাষ্ট্র সতর্কভাবে প্রস্তাবটি সমর্থন করেছে।

কিন্তু জাতিসংঘের কূটনীতিকরা জানিয়েছেন, চীন ও রাশিয়া প্রস্তাবটির বিরোধীতা করছে। বিডি নিউজ।