ঈদের বিশেষ নাটক ‘ভাঁটফুল’

এবারের ঈদুল আযহায় একুশে টেলিভিশনের ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ নাটক ‘ভাঁটফুল’। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, বাঁধন, ফারুক আহমেদ, আ খ ম হাসানসহ অনেকে। একুশে টেলিভিশনে আজ রাত ১০টায় প্রচার হবে নাটকটি।

 

একটি গ্রামের একজন জনপ্রিয় চেয়ারম্যান উন্নয়নের জন্য নিষ্ঠাবান। তাকে পরাজিত করে বাজে লোকগুলো ক্ষমতা নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিছুতেই তার কোনো দোষ পায় না। এদিকে দুষ্টু লোকদের শিরোমণির একমাত্র মেয়েকে হঠাত্ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার অনেক ক্ষমতা, তাই তার মেয়েকে কিডন্যাপ করতে পারে এমন লোক আছে বলে কেউ মনে করে না। এ রকম একটি বিষয়ের ওপর কাহিনির সুত্রপাত। তার এই ঘটনা নিয়ে শুরু হয় বিচিত্র রাজনীতি। গ্রামের চেয়ারম্যানকে এ জন্য দায়ী করে তার প্রতিপক্ষ মৃধা পরিবার। শুধু একজন বিষয়টি নিয়ে মজা করতে থাকে, সে হলো পাগলা মজিদ। মজিদ কিছুই বলে না। শুধু হাসে। গ্রামের মানুষজন এক রকম সন্দেহ করে যে মজিদের মধ্যে ভেজাল কিছু একটা আছে।