তাইওয়ানের দিকে সোমবার ‘সুপার টাইফুন’ দুজুয়ান ধেয়ে আসছে। ঝড়টি শক্তি সঞ্চয় করায় এর আঘাতের আশঙ্কায় প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে দ্বীপটি থেকে কয়েক হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় সময় সময় রাত ১১টায় (গ্রিনিচ মান সময় ১৫০০) ঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো দুজুয়ানকে রবািবর ‘শক্তিশালী টাইফুন’ হিসেবে আখ্যায়িত করেছে। এটি এই ঝড়ের সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি।
হংকং অবজারভেটরিসহ অন্যান্য আঞ্চলিক আবহাওয়া ব্যুরো জানায়, ঝড়টি ঘণ্টায় ২২৭ কিলোমিটার (১৪১মাইল) বেগে প্রবাহিত হওয়ায় একে ‘সুপার টাইফুন’ ক্যাটাগরিতে ফেলা হয়েছে।
সেন্ট্রাল ওয়েদার ব্যুরো এক কর্মকর্তা বলেন, দুপুরে দ্বীপের প্রান্তে পৌঁছানোর পর এর সরাসরি প্রভাব দেখা দিতে পারে। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে পুরো দ্বীপবাসীর সতর্ক থাকা উচিত।
রোববার প্রায় তিন হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এদের অনেকেই পর্যটক। তাইওয়ানের জনপ্রিয় গ্রীণ দ্বীপ ও অর্কিড দ্বীপ থেকে এদের সরিয়ে নেয়া হয়েছে। খবর: এএফপির।