জার্মানির সরকারি আইনজীবীরা দেশটির গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ফোকসভাগনের সাবেক প্রধান মার্টিন ইউন্টারকর্নের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের তদন্ত শুরু করেছেন। খবর - বিবিসির।
তদন্তে 'গাড়ি বিক্রিতে দূষণ সংক্রান্ত মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার আশ্রয় নেয়া'কে মূল লক্ষ্য করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ডিজেলচালিত গাড়িগুলোতে এমন একটি সফটওয়্যার দেওয়া হয়েছে যা এমিশন টেস্টের সময় স্বয়ংক্রিয়ভাবে এমিশন কন্ট্রোল সিস্টেম চালু করে দেয়। তবে অন্য সময় এই সিস্টেম বন্ধ থাকে যার ফলে ক্ষতিকর নাইট্রোজেন অক্সাইডের নিঃসরণ ৪০ গুণ বেশি হতে পারে।
এমিশন কন্ট্রোলের ফিচারটি ইঞ্জিনের ক্ষমতা খানিকটা কমিয়ে দেয়। ইঞ্জিনের শক্তি না কমানোর জন্যই মূলত ফোকসভাগন গাড়িগুলোতে এই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছিল প্রযুক্তিপণ্য সাইট ম্যাশএবল। অতিরিক্ত এই নাইট্রোজেন নিঃসরণের ফলে মারাত্মক স্বাস্থ্যহানির আশঙ্কা থাকে।