সিরিয়ায় এখনই স্থল অভিযানের পরিকল্পনা নেই : পুতিন

 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার সম্প্রচারিত এক সাক্ষাতকারে বলেছেন, সিরিয়ায় মস্কোর স্থল অভিযান চালানোর এখনই কোন পরিকল্পনা নেই। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি রাশিয়া সমর্থন জোরদার করবে বলে তিনি জানান।
 
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের প্রাক্কালে সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে পুতিন একথা বলেন। এ অধিবেশনে তিনি সিরিয়ার নেতার প্রতি সমর্থন জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
 
মস্কো সম্প্রতি সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি আরো জোরদার করেছে। সেখানে ট্যাঙ্ক ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। তারা সেখানে ইসলামিক স্টেট ও অন্যান্য বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন খবর বেরিয়েছে।
 
তবে পুতিন বলেন, বিষয়টি এমন নয়, সেখানে এখনই হামলা চালানো হবে না । দোভাষীর মাধ্যমে তিনি সিবিএসকে বলেন, ‘সিরিয়া বা অন্য কোন দেশের ভূখণ্ডে সামরিক অভিযানে রাশিয়া অংশ নেবে না। অন্তত, এখনই আমাদের এ ধরণের অভিযান চালানোর কোন পরিকল্পনা নেই।’
 
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘তবে প্রেসিডেন্ট আসাদ ও অন্যান্য দেশে আমাদের মিত্রদের প্রতি সমর্থনমূলক কাজ জোরদার করার বিষয় আমরা বিবেচনা করছি।’
 
বেসামরিক নাগরিকদের ওপর সামরিক দমনপীড়নসহ আসাদের নিষ্ঠুর কার্যকলাপের অভিযোগ নিয়েও পুতিন কথা বলেন। এসব কারণে সিরিয়ার নাগরিকরা বিদ্রোহীদের সাথে যোগ দিচ্ছে বলা হলে সাবেক এই কেজিবি কর্মকর্তা বলেন, গোয়েন্দা সার্ভিসের পেশাদার ভাষায় আমি আপনাদের বলতে পারি এ ধরণের মূল্যায়ন আসাদের শত্রুদের। এসব সিরিয়া বিরোধী প্রচারণা। সূত্র: এএফপি