এক বছর আগের একটি মানহানির মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইউনুস খান তার জামিন মঞ্জুর করেন।
আওয়ামী মত্স্যজীবী লীগের সহ সভাপতি নূরে আলম সিদ্দিকীর দায়ের করা মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন মঞ্জুর করেন আদালত।
বাদী আইনজীবী দুলাল মিত্র জানান, মামলার ধারা জামিনযোগ্য হওয়ায় বিচারক মির্জা ফখরুলকে জামিন দিয়েছেন। গত বছরের ১ সেপ্টেম্বর ফখরুলের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি দায়ের করা হয়েছিল।
গত বছরের ২৪ আগস্ট নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে ‘খুনির দল আখ্যা দিয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। পর দিন বিভিন্ন সংবাদপত্রে খবরটি প্রকাশিত হলে তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী মত্স্যজীবী লীগের সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী বাদী হয়ে মানহানির মামলাটি দায়ের করেছিলেন।