কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো বলেছেন, বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্র যদি বেশ কিছু পদক্ষেপ নেয় তাহলেই শুধু দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি কিউবার গুয়ানতানামো বে থেকে মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহার এবং সমাজতন্ত্র-বিরোধী প্রচারণা বন্ধ করাও প্রয়োজন বলে জানান রাউল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও কিউবার ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিতে কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে মার্কিন কংগ্রেস খুব দ্রুতই এটা করবে। উল্লেখ্য, ১৯৬০ সালে আরোপিত এই নিষেধাজ্ঞা দেশ দুইটির সম্পর্কের মধ্যে একটি বিতর্কিত ইস্যু হয়ে রয়েছে। সূত্র: বিবিসি