সুপ্রিম কোর্টে স্থাপন করা হয়েছে অভিযোগ বাক্স। বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতি, অনিয়ম ও দায়িত্বে অবহেলা সম্পর্কিত অভিযোগ এই বাক্সে দেয়ার জন্য বিচারপ্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। বর্তমান প্রধান বিচারপতি এসকে সিনহার দায়িত্ব গ্রহণের পর এই উদ্যোগ নেয়া হয়। বাক্স স্থাপনের পর এ পর্যন্ত ৬০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিচারপ্রার্থীরা নিম্ন আদালতের বিচারকদের বিরুদ্ধে ২৫টি অভিযোগ দাখিল করেছেন। ৬টি অভিযোগ রয়েছে নিম্ন আদালতের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। এছাড়া খোদ সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ১০টি। একজন বিচারপ্রার্থী অভিযোগ করেছেন দুই বছর আগে আদালতের একটি আদেশের সত্যায়িত নকলের জন্য তিনি আবেদন করেছিলেন; কিন্তু কর্মকর্তাদের সন্তুষ্ট করতে না পারায় তিনি তা পাননি। বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসন খতিয়ে দেখার পর তার অভিযোগের সত্যতা পায়। পরে সাত দিনের মধ্যে ওই ব্যক্তিকে সই-মুহুরির নকল প্রদানের ব্যবস্থা করে দেন। একইসঙ্গে এ ঘটনায় দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দাখিলকৃত অভিযোগগুলোর অধিকাংশই বেনামি। হয়রানির ভয় অথবা নাম-পরিচয় প্রকাশ পেলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থেকেই অভিযোগের এ ধরনের বেনামি চিঠি আসছে।
বিচার বিভাগের নানা সমস্যা সম্পর্কে দেশের যে কোনো নাগরিকের বিশ্লেষণধর্মী মতামত প্রেরণের আহ্বান জানানো হয়েছে। এ পর্যন্ত যেসব অভিযোগ জমা পড়েছে তার মধ্যে রয়েছে- সময়মত রায় না পাওয়া, মামলা দ্রুত নিষ্পত্তির আবেদন এবং নিম্ন আদালতের কর্মচারীর বিরুদ্ধে আর্থিকভাবে লাভবান হওয়া। আদালত সংশ্লিষ্ট কোন কর্মচারীর বিরুদ্ধে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এমন অভিযোগগুলো তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হয়েছে।