বিজ্ঞান জনপ্রিয়করণে ১ বছরে ব্যয় ১ কোটি ৬০ লাখ টাকা

দেশে গত ২০১৪-১৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নয়নের জন্য বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয় ও উন্নয়ন এবং বিজ্ঞান জনপ্রিয়করণে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠান বাবদ ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁও-এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সভাকক্ষে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টি বোর্ডের সপ্তম সভায় এসব তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সভায় বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন, ২০১৪-১৫ অর্থবছরের আয়-ব্যয় পর্যালোচনা ও ২০১৫-১৬ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।


সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ সিরাজুল হক খান, অতিরিক্ত সচিব ইতি রাণী পোদ্দার, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলামসহ ট্রাস্টের ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন।