দীর্ঘদিন ধরেই বিষয়টি ছিলো আলোচনায়। অবশেষে রবি ও এয়ারটেল তাদের ব্যবসা একীভূত করার প্রস্তাব দিয়েঠে বিটিআরসি'র কাছে। তাদের প্রস্তাবনা খতিয়ে দেখে মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি। বুধবার নিয়ন্ত্রক সংস্থার কমিশন সভায় এ বিষয়ে আলোচনায় দুই অপারেটরের প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, দুই অপারেটরের ব্যবসা একীভূত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে আইনগত দিকগুলো যাচাই করা হয়েছে। ব্যবসা একীভূত করার পর দুই প্রতিষ্ঠানের কর্মীদের চাকরির ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় এবং সেবার ক্ষেত্রে সমস্যা হবে কি না এগুলো যাচাই করা হয়েছে। এই প্রস্তাব এখন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।
ব্যবসা একীভূত করার চূড়ান্ত অনুমতি পেতে কয়েক মাস লাগবে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, 'ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে অনুমতি দেওয়ার পর দুই অপারেটরকে উচ্চ আদালতের কোম্পানি ম্যাটার বেঞ্চে যেতে হবে। কোম্পানি বেঞ্চে দুই অপারেটরের দেনা-পাওনার বিষয়টির সমাধান হবে। কারও কোনো আপত্তি না থাকলে সেখান থেকে অনুমতি পাওয়ার পরই বিটিআরসি এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিতে পারবে।'
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ব্যবসা এক করার আলোচনা শুরু করে বাংলাদেশের এই দুই মোবাইল ফোন অপারেটর। বিডি নিউজ।