স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে আইএস’র অস্তিত্ব না থাকা বিষয়ে ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা একমত পোষণ করেছেন। তাছাড়া প্রাথমিক তদন্তে আমরাও নিশ্চিত হয়েছি যে এটা আইএসের কাজ নয়। ইতালিও এ ঘটনায় আইএসের সম্পৃক্ততার কোনো আলামত দেখছে না। গতকাল বুধবার দুপুরে ইতালির নাগরিক তাভেল্লা হত্যার ঘটনা নিয়ে সচিবালয়ে স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ইতালির কয়েকজন সাংবাদিক। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তেভেল্লা হত্যার ঘটনায় সরকারের নেয়া পদক্ষেপে রাষ্ট্রদূত মারিও পালমা সন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ইতালির নাগরিক তাভেল্লা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।