স্মার্টফোন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে অ্যাপলের আইফোন বা অন্য যেকোনো স্মার্টফোনের তুলনায় যোজন যোজন এগিয়ে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড। গুগল সিইও সুন্দর পিচাইয়ের সর্বশেষ আনুষ্ঠানিক তথ্যে তারই প্রমাণ মিলল।
২০০৭ সালে আইফোন বিক্রি শুরুর পর থেকে এখন পর্যন্ত আইফোনের বিক্রি সংখ্যা ১০০ কোটির কিছু বেশি। সেখানে অ্যান্ড্রয়েড এর মধ্যেই পেরিয়ে গেছে ১৪০ কোটি সক্রিয় ব্যবহারকারীর ল্যান্ডমার্ক। গত বছরের জুনে এই সংখ্যা ছিল ১০০ কোটি। সেই হিসেবে গত এক বছরেই অ্যান্ড্রয়েডের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৪০ কোটি।
মঙ্গলবার গুগলের এক ইভেন্টে অ্যান্ড্রয়েডের এই বিপুল পরিমাণ ব্যবহারকারীর সংখ্যা জানিয়েছেন পিচাই। তিনি আরও জানান, বিশ্বব্যাপী ১০ হাজারেরও বেশি প্রতিষ্ঠানে এখন কাজের জন্যও অ্যান্ড্রয়েডের ব্যবহার রয়েছে। ফলে কেবল ব্যক্তিগত ব্যবহারের জন্যই নয়, কর্মক্ষেত্রেও অ্যান্ড্রয়েড নিজের অবস্থান শক্তিশালী করে তুলেছে বলে জানান তিনি।
আসছে দিনগুলোতে আরও বৈচিত্র্যময় ডিভাইসে অ্যান্ড্রয়েডের ব্যবহারের কথা জানিয়ে সুন্দর পিচাই জানান, ভবিষ্যতের পৃথিবীতে একক অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডই রাজত্ব করবে বিশ্বজুড়ে।