‘তালেবানদের কুন্দুজ থেকে হটিয়ে দিয়েছে আফগান বাহিনী’

তালেবানদের কুন্দুজ শহরের গুরুত্বপুর্ণ এলাকাগুলো থেকে হটিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে আফগান বাহিনী। আফগানিস্তানের এক কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।


তালেবানরা এই শহর দখল করে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই আফগান সরকার তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই অপারেশনে অনেক জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করছে আফগান কর্তৃপক্ষ। তালেবানদের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। তবে টুইটারে পোস্ট হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে যে কুন্দুজের গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোর সামনে সরকারি বাহিনীর সৈন্যরা পাহারা দিচ্ছেন।

 

IMG0

২০০১ সালে মার্কিন বাহিনীর আফগানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো শহর জঙ্গিরা দখল করতে পেরেছিল। কুন্দুজ পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, আফগান সেনাবাহিনী গভর্নর অফিস, পুলিশ প্রধানের অফিস ও গোয়েন্দা অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে। এই ভবনগুলোর চারপাশে জঙ্গিদের মৃতদেহ পড়ে আছে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সেদিক সেদ্দিকি জানিয়েছেন, আফগান বাহিনী তালেবানদের কুন্দুজ থেকে সরিয়ে দিয়েছে।


তবে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপুর্ণ কুন্দুজ হিল দুর্গ অবস্থা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর আগে আফগানিস্তানের বাগলান প্রদেশে ন্যাটোর একটি বেসে আক্রমণ করেছিল তালেবানরা। তাখরার প্রদেশের বিভিন্ন জেলায় লড়াই হয়েছে বলে এর আগে জানা গিয়েছিল। কুন্দুজের পূর্বে পশ্চিম ফারাহ প্রদেশের একটি জেলায় আক্রমণ করেছিল। বিবিসি