এমপি বদির দুর্নীতি মামলা চলবে

 
কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আনা একটি রিট পিটিশন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
 
বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চ বদির আবেদনটি ‘উপস্থাপিত হয়নি- মর্মে’ খারিজ করে দেয়।
 
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, এ আদেশের ফলে সম্পদের তথ্য গোপনের অভিযোগে আনা দুর্নীতি সংক্রান্ত মামলা চলবে।
 
ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে আগামী ৬ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য রয়েছে। কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য বদির পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী প্রবীর হালদার।
 
দুদকের উপ-পরিচালক আবদুস সোবহান গত বছর ২১ আগস্ট ঢাকার রমনা থানায় সংসদ সদস্য বদির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা রুজু করেন। ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দেয়া এবং ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
 
দুদকের উপ-পরিচালক মনজুর মোরশেদ চলতি বছর ৭ মে এ মামলায় অভিযোগপত্র দেন। এরপর গত ৮ সেপ্টেম্বর ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করে দিলে মামলাটি বিচারের পর্যায়ে আসে। বদি এ মামলায় জামিনে রয়েছেন।

খবর বাসসের।