জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) তাৎক্ষণিক তদন্ত সংক্রান্ত তাদের কর্মকাণ্ড জোরদার এবং মানবাধিকারের ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এনএইচআরসি'র চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমানের নেতৃত্বে কমিশনের ৮ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক রিপোর্ট-২০১৪ পেশ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি কমিশনকে তার সব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও আহ্বান জানান। অন্যের ওপর নির্ভরশীলতা ছাড়াই কমিশন স্বাধীনভাবে কাজ করবে বলে রাষ্ট্রপতি আশা করেন। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন বাসসকে এ কথা জানান।
প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, কমিশনের কর্মকাণ্ড আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছে। তিনি বলেন, মানবাধিকারের ব্যাপারে দেশের জনগণ এখন আগের চেয়ে বেশি সচেতন। তিনি বলেন, কমিশন তাদের বিভিন্ন ঘটনা তদন্তের ব্যাপারে সরকারের বিভিন্ন সংস্থার তরফ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
চেয়ারম্যান তাদের নিজস্ব ভবন নির্মাণ এবং বিভাগীয় পর্যায়ে তাদের কর্মকাণ্ড সম্প্রসারণে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদল কমিশনের রুলস অব বিজনেস এবং সিলেকশন কমিটিতে পরিবর্তনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।