গণহত্যাকারীর আমরণ অনশনের হুমকি!

নরওয়ের ৭৭ জন মানুষ হত্যার দায়ে কারাবন্দী আন্ডারস বেরিং ব্রেইভিক আমরণ অনশন শুরু করেছেন। কারাগারে তার সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে এই অনশনের হুমকি দিয়েছেন তিনি।
 
গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে বিবিসি এই খবর জানিয়েছে। ব্রেইভিক দাবি করেছেন, ২ সেপ্টেম্বর থেকে তাকে একাকী অবস্থায় রাখা হয়েছে। তাকে দিনে মাত্র একঘণ্টা সেলের বাইরে আসতে দেওয়া হচ্ছে। কারাগার থেকে নরওয়ে ও সুইডেনের গণমাধ্যমের কাছে পাঠানো এক চিঠিতে এসব কথা জানিয়েছেন ব্রেইভিক। চিঠিতে ৩৬ বছর বয়সী ব্রেইভিক দাবি করেন, কারাগারের এই বিরূপ পরিবেশের কারণে ইউনিভার্সিটি অব অসলোতে রাষ্ট্রবিজ্ঞানের কোর্সে অধ্যয়ন বন্ধ করে দিতে তিনি বাধ্য হয়েছেন।
 
 
তিনি জানান, এই ধরনের পরিবেশে কোনো মানুষের পক্ষে পড়াশোনা করা সম্ভব নয়।  এই পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তবে তিনি আমরণ অনশন করতে বাধ্য হবেন। ব্রেইভিক যে কারাগারে বন্দি রয়েছেন সেই স্কেইন কারাগারের পরিচালক ওলে ক্রিস্টোফ বোহাউগ জানিয়েছেন, এই কারাগারে বর্তমানে কেউ অনশন করছেন না।  তিনি কোনো বিশেষ বন্দির অবস্থা সম্পর্কে কোনোকিছু জানাতে অস্বীকৃতি জানান।
 
 
২০১১ সালের জুলাই মাসে আন্ডারস বেরিং ব্রেইভিক অসলোর সরকারি স্থাপনায় বোমা বিস্ফোরণ ঘটান এবং উটোয়া দ্বীপে নরওয়েজিয়ান লেবার পার্টির গ্রীষ্মকালীন তরুণ ক্যাম্পে বন্দুক হামলা চালান যেখানে নিহতদের মধ্যে অনেকেই ছিল কিশোর। ব্রেইভিকের গুলিতে প্রাণ হারান ৭৭ জন নিরপরাধ মানুষ। তিনি বর্তমানে ২১ বছরের কারাবাস ভোগ করছেন।  এরই মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছিলেন। কারাকক্ষে বসেই তার পড়াশোনা করার কথা ছিল। বিবিসি