শিল্পকলায় ৩ দিনের সেতার-সরোদ কর্মশালা শুরু কাল

বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী নিরীক্ষা ও প্রশিক্ষণমূলক ‘সংগীত অবয়ব’ শীর্ষক সেতার-সরোদ কর্মশালা। কর্মশালার পরিচালনা করবেন বিশিষ্ট সংগীতজ্ঞ পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার (সরোদ) ও পন্ডিত কুশল দাস (সেতার)।

বিকেল ৪টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করবেন একাডেমীর সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট সংগীতজ্ঞ পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও পন্ডিত কুশল দাস এবং বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের।

কর্মশালায় সংগীত ঐতিহ্যের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিরীক্ষার উদ্দেশ্যে শাস্ত্রীয় যন্ত্রসংগীতের ইতিহাস, বাদনশৈলী ও রীতি, সমকালীন চর্চা ও সংগীত রচনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালা চলবে ৫ অক্টোবর পর্যন্ত।