মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত কারাবন্দী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করবেন তার আইনজীবীরা। শনিবার সকাল সাড়ে ১০ টায় অ্যাডভোকেট শিশির মনির, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট গাজী তামিমসহ ৫ সদস্য বিশিষ্ট আইনজীবীদের একটি প্রতিনিধি দল ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করবেন। সাক্ষাৎকালে সর্বশেষ আইনি প্রক্রিয়া রিভিউ আবেদনের বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।
আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আলোচনা করতে যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি চেয়েছেন তার আইনজীবীরা। মুজাহিদের আইনজীবী শিশির মনির শুক্রবার বলেন, আমরা মোট পাঁচজন আইনজীবী শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাব। রিভিউ আবেদন করার গ্রাউন্ড নিয়ে আলোচনা করব আমরা।
শিশির মনির জানান, আইনজীবী নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান ও গাজী তামিম তার সঙ্গে থাকবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, শিশির মনিরসহ কয়েকজন আইনজীবী দেখা করার অনুমতি চেয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়ে কাল তাদের জানাব। আপিল বিভাগ গত বুধবার মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করে। ওইদিনই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুই ফাঁসির আসামির দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করে এবং তা কারা কর্তৃপক্ষের হাতে পাঠিয়ে দেয়া হয়। দুই আসামির আইনজীবীরা আগেই জানিয়েছিলেন, রায়ের অনুলিপি হাতে পেলে তারা রিভিউ আবেদন করবেন। এর অংশ হিসেবেই তারা সাক্ষাতের সময় চেয়ে আবেদন করেছেন। ফোকাস বাংলা নিউজ।